অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে গণভোট ও জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে। তিনি দাবি করেন, জনগণ সংস্কারের পক্ষে ম্যান্ডেট দিলেও সরকার এখন পর্যন্ত সেই সংস্কার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বিরোধী দলকে সংসদে এবং জনসভায় স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, একদলীয় শাসনের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ সংস্কার, বিচার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যাশা করেছিল। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ আলোচনার মাধ্যমে ৩২টি রাজনৈতিক দল জুলাই সনদ প্রণয়ন করে এবং পরবর্তী গণভোটে অধিকাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দেন।
নাহিদ ইসলামের দাবি, জনগণের সেই রায়কে উপেক্ষা করে বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটকে অস্বীকার করেছে। তিনি বলেন, পুলিশ, প্রশাসন ও বিচারব্যবস্থার সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি, চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব এবং অপরাধ দমন সম্ভব হবে না।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও চার মাস অতিবাহিত হওয়ার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও অভিযোগ করেন, ঘোষিত বাজেটেও কর্মসংস্থান বৃদ্ধির সুস্পষ্ট রূপরেখা নেই।
জ্বালানি খাতের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে জ্বালানির মূল্য হ্রাস করা হয়নি। বরং বিদ্যুতের দাম বৃদ্ধি এবং এলপিজি সিলিন্ডারের মূল্য বাড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইনের ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে ভারতের সঙ্গে দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণেরও আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

