ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনর্নির্ধারণের সময় এসেছে: গঙ্গার পানির বিষয়ে নাহিদ ইসলামের কড়া বার্তা

ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা চুক্তির; আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে সমতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের তাগিদ এনসিপি আহ্বায়কের

by ABDUR RAHMAN
গঙ্গার পানির বিষয়ে নাহিদ ইসলামের কড়া বার্তা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে ভারতের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন পানি চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ এবার এক চুল পরিমাণ ছাড় দেবে না।

বিজ্ঞাপন
banner

বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সংশোধন ও স্বাক্ষর করতে হবে। শুধু তাই নয়, যৌথ নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ কীভাবে নিজের সার্বভৌম অংশীদারত্ব নিশ্চিত করবে, সেই বিষয়টিও নতুন চুক্তিতে স্পষ্ট থাকা প্রয়োজন। তিনি মন্তব্য করেন, আবরার ফাহাদের চেতনাকে ধারন করতে হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে দাসত্বের ছায়া থেকে বের করে সমতা ও সম্মানের ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে।

দেশের নদী ও সার্বিক সীমান্ত রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশের সার্বভৌম স্বার্থের এক অনন্য প্রতীক। দেশের ন্যায্য পানির অধিকার নিয়ে ফেসবুকে একটি সাধারণ পোস্ট দেওয়ার অপরাধেই তাকে ছাত্রলীগ সারারাত নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছিল। বিগত ১৬ বছরের শাসনামলে ক্ষমতাসীন দলটি ভারতের আগ্রাসনী নীতির সহযোগী হিসেবে দেশ পরিচালনা করেছে। আবরার হত্যা এবং হলের গেস্টরুম কালচার ও নির্যাতনের ঘটনাগুলোই প্রমাণ করে কীভাবে ফ্যাসিবাদী শক্তি টিকে ছিল।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বহু অভিন্ন নদী থাকা সত্ত্বেও বিগত ৫০ বছরে দেশ কখনো ন্যায্য পাওনা পায়নি। এই ঐতিহাসিক বঞ্চনার অবসান ঘটিয়ে এখন থেকে যৌথ নদীগুলোর পানি বণ্টন সমতার ভিত্তিতে সম্পন্ন করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

banner

এ জাতীয় আরো সংবাদ