নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
যোশর উলামা পরিষদের উদ্যোগে কামারটেক ঈদগাহ মাঠে এক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যোশর উলামা পরিষদের সভাপতি মাওলানা জাকির হোসেন কাসেমী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং গত সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুরে রিকশা মার্কার প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম বলেন, মাদক আজ সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা এবং তাদের চলাফেরা ও বন্ধুমহলের প্রতি অভিভাবকদের নিয়মিত নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন ও দায়িত্বশীল অভিভাবকই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম প্রধান শক্তি।
তিনি আরও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা প্রত্যাশিত মাত্রায় দৃশ্যমান নয়। মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আন্তরিক, কঠোর ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভার শেষে তিনি জনসচেতনতামূলক এমন সময়োপযোগী আয়োজনের জন্য যোশর উলামা পরিষদ এর সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

