রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আল্লামা মামুনুল হকের শুভেচ্ছা

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

by Master Fatih
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাচ্ছেন আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক >>

বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে আল্লামা মামুনুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি শুভেচ্ছা জানান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন ও রাষ্ট্রব্যবস্থার কাঠামোগত সংস্কার নিয়ে তাঁর প্রত্যাশা ও উদ্বেগের কথাও তুলে ধরেন।

আল্লামা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পর প্রত্যাশা ছিল রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়, বরং ক্ষমতার কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসবে। কিন্তু এখনো সংবিধান সংস্কার হয়নি। বরং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কাঠামো বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমনটি প্রত্যাশিত ছিল না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমার আবেদনের ক্ষেত্রে ভুক্তভোগী বা তাঁর পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়—এ প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে এসেছে।

এরপরও নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আশাবাদ ব্যক্ত করেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রত্যাশা, তিনি রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

আল্লামা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ সহযোদ্ধার কাছ থেকে আমরা এর চেয়ে কম কিছু আশা করি না।

বিবৃতিতে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে আল্লাহ তাআলার কাছে তাঁকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দেওয়ার জন্য দোয়া করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ