বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান মামুনুল হকের

শিক্ষার্থীদের দুর্ভোগ ও মানসিক চাপের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়ার দাবি বাংলাদেশ খেলাফত মজলিস আমীরের।

by ABDUR RAHMAN
বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

দেশব্যাপী টানা অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না। অনেক পরীক্ষার্থীকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভিজে ও নানা ভোগান্তি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে, যা তাদের শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও বাড়াচ্ছে।

মামুনুল হক বলেন, এমন বৈরী পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করলে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে পরীক্ষার ফল বা পরিস্থিতি নিয়ে মানসিক চাপে একজন শিক্ষার্থীর আত্মহত্যার খবর এসেছে। বিষয়টি সত্য হলে তা অত্যন্ত বেদনাদায়ক। কোনো পরীক্ষাই একজন শিক্ষার্থীর জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলমান পরিস্থিতিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে দ্রুত পুনর্বিবেচনা করা উচিত। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সংশোধিত সময়সূচির মাধ্যমে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা আরও স্বস্তি ও সমান সুযোগ নিয়ে অংশ নিতে পারবে।

বিবৃতির শেষে আল্লামা মামুনুল হক দেশের সব শিক্ষার্থীর নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ধৈর্য ও শক্তি কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ