নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
চলমান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে প্রত্যেক মুসলমানের ঈমানি ও মানবিক দায়িত্ব উল্লেখ করে দুর্যোগ মোকাবিলায় সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
শনিবার (১১ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
মাওলানা মামুনুল হক বলেন, টানা বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ দেশের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং বিশুদ্ধ পানি, খাদ্য, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের সংকট দিন দিন বাড়ছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে আসে। তাই ধৈর্য ধারণের পাশাপাশি দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং আল্লাহর রহমত কামনা করা প্রত্যেকের দায়িত্ব।
বৈঠকে সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও সামর্থ্যবান নাগরিকদের দ্রুত মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দল-মত নির্বিশেষে সরকারকে পরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ধরনের অবহেলা না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের সব স্তরের নেতাকর্মী, বিশেষ করে বন্যাকবলিত জেলার দায়িত্বশীলদের দ্রুত স্বেচ্ছাসেবী টিম গঠন করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দের বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি বিদেশে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তথাকথিত সাংবাদিকতা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের আড়ালে ইতিহাস বিকৃতি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের অপচেষ্টা চলছে বলেও তারা দাবি করেন।
নেতারা আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যা, গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার পাশাপাশি বিভ্রান্তিমূলক প্রচারণায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বৈঠকে আরও বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যেমন পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম ছিল, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী অপশাসন ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের গণপ্রতিরোধ। এ দুই ঐতিহাসিক ঘটনাকে অবমাননা, বিকৃতি বা কটাক্ষের অপচেষ্টাকে জাতীয় স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
সভায় দলের নায়েবে আমীর, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যসহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।

