অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমবাজারে সিন্ডিকেট গঠন, অনিয়ম এবং অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে এসব এজেন্সির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তারের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্য পেনাল কোড, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল ও গৃহীত হয়েছে।
এ অবস্থায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী জনস্বার্থে ওই ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মোট ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে ৪৯টি এজেন্সির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
লাইসেন্স প্রত্যাহার করা এজেন্সিগুলোর মধ্যে রয়েছে— ইউনিক ইস্টার্ন (প্রাইভেট) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, মেসার্স শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, মেসার্স কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রাইভেট) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার কর্পোরেশন ও আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
এ ছাড়া তালিকায় রয়েছে আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড এবং মেসার্স এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড।
মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এজেন্সিগুলো আর মালয়েশিয়ায় বৈধভাবে কর্মী পাঠাতে পারবে না। একই সঙ্গে শ্রমবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবেও এ পদক্ষেপকে দেখা হচ্ছে।
আর/

