দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের

মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীতকরণ ও মেডিকেল টিমের বিদেশি প্রশিক্ষণের তাগিদ

by ABDUR RAHMAN
দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

চিকিৎসার উদ্দেশ্যে রোগীদের বিদেশমুখী প্রবণতা কমাতে দেশে দ্রুত প্রাতিষ্ঠানিক ও নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট ব্যবস্থা চালু করার জোরালো দাবি জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৮-এর সদস্য এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রকৌশলী মাহবুবা হাকিম।

বিজ্ঞাপন
banner

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অংশ নিয়ে বক্তব্য প্রদানকালে তিনি এই দাবি তোলেন। বক্তব্যে তিনি মহাখালীতে অবস্থিত ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের স্থগিত থাকা লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম অনতিবিলম্বে পুনরায় চালু এবং হাসপাতালটিকে ১ হাজার শয্যায় উন্নীত করার লক্ষ্যে ‘ভবন-২’ নির্মাণের আহ্বান জানান।

সংসদে মাহবুবা হাকিম জানান, ২০২৫-২৬ অর্থবছরে লিভার ট্রান্সপ্লান্ট-সংশ্লিষ্ট পাঁচ ধরনের আধুনিক যন্ত্রপাতি ইতোমধ্যে গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে এসে পৌঁছেছে এবং আরও ১০ ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম আগামী মাসে এসে পৌঁছাবে। এসব যন্ত্রপাতি স্থাপন ও পুরো ব্যবস্থা প্রস্তুত করতে প্রায় দুই মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে গঠন করা ৪৫ সদস্যের বিশেষ মেডিকেল টিমের প্রয়োজনীয় বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি তাগিদ দেন তিনি।

দেশে লিভার চিকিৎসার অতীত চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে ২০১০ ও ২০১৯ সালে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন হলেও পরবর্তীতে তা রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায়। ফলে জটিল লিভার রোগে আক্রান্ত রোগীদের বাধ্য হয়ে বিপুল অর্থ খরচ করে বিদেশে যেতে হচ্ছে। একজন সাধারণ রোগীর বিদেশে লিভার ট্রান্সপ্লান্ট করাতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা ব্যয় হয়, যা অধিকাংশ পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত হলে তাঁর মেডিকেল বোর্ডও বাংলাদেশে উপযুক্ত চিকিৎসা অপ্রতুলতার কথা জানিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির প্রতিনিধিত্বমূলক বক্তব্য উপস্থাপন করে মাহবুবা হাকিম স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং ২০২৪ সালে বরাদ্দ পাওয়া সাড়ে তিন একর জমিতে হাসপাতালের ভবন-২ এর নির্মাণকাজ দ্রুত শুরুর জন্য জোর দাবি জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ