অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে এক শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে অধ্যাপক মো. রেজাউল ইসলামের স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন।
বুধবার (২৪ জুন) দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিসিপ্লিনটির শিক্ষার্থীরা। তারা জানান, স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলবে। এরপর সংগৃহীত স্বাক্ষর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
শিক্ষার্থীদের দাবি, অভিযোগটি অত্যন্ত গুরুতর হওয়ায় এর নিরপেক্ষ তদন্ত জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করার আহ্বান জানান তারা। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে যৌন হয়রানির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে।
ডিসিপ্লিনের শিক্ষার্থী তানভীর বিন মুহিত বলেন, তদন্ত প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত। অভিযোগ সত্য প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
অন্যদিকে শিক্ষার্থী অনিমেষ দে বলেন, শুধু সাময়িক ব্যবস্থা নয়, স্থায়ী সমাধান দরকার। দোষ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
এর আগে অভিযোগ ওঠে যে, ডিসিপ্লিনের এক প্রথম বর্ষের শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বার্তা ও অনাকাঙ্ক্ষিত প্রস্তাব পাওয়ার অভিযোগ করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীরা মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ ও প্রতীকী জুতা নিক্ষেপ কর্মসূচিও পালন করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত অধ্যাপক রেজাউল ইসলামকে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পাশাপাশি তদন্তের জন্য সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যা বর্তমানে কাজ করছে।
তদন্ত চলমান থাকায় প্রশাসন তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আর/

