জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

নির্বাচনী সমঝোতার কার্যকারিতা শেষ হয়েছে উল্লেখ করে জোটের সব কর্মসূচি বর্জনের ঘোষণা; ভবিষ্যতে বৃহত্তর ঐক্যের সম্ভাবনা খোলা রাখল দলটি

by ABDUR RAHMAN
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই সমঝোতার কার্যকারিতা বাস্তবিক অর্থেই শেষ হয়ে যায়। এরপরও নির্বাচন-পরবর্তী সময়ে জোটের কয়েকটি কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দলটি ১১ দলীয় ঐক্যের সব কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

দলটির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন দেখা দিলে বিস্তৃত পরিসরে নতুন কোনো ঐক্য গড়ে তোলার উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোটকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার, পোস্টার বা প্রচারণায় দল কিংবা নেতাদের নাম ব্যবহার করা যাবে না।

পরবর্তীতে রংপুরে অনুষ্ঠিত একটি সমাবেশে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হলে দলটির আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতেই খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

শনিবার সকালে গণমাধ্যম কালবেলাকে দেওয়া এক বক্তব্যে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনের সময় ১১ দলের সঙ্গে একটি সমঝোতা হয়েছিল এবং সে অনুযায়ী তারাও ঐক্যের অংশ ছিলেন। নির্বাচন-পরবর্তী সময়ে কয়েকটি কর্মসূচিতেও অংশ নিলেও দীর্ঘদিন ধরে তারা জোটের কোনো কার্যক্রমে যুক্ত নন।

তিনি আরও বলেন, বর্তমানে সেই সমঝোতা আর কার্যকর নেই এবং দলটি সেটি আর অব্যাহত রাখতে চায় না। গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে ১১ দলের সঙ্গে মতৈক্য থাকলেও এখন থেকে এসব ইস্যুতে খেলাফত মজলিস স্বতন্ত্রভাবে কাজ করবে। ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে কোনো বৃহত্তর রাজনৈতিক ঐক্যের বিষয় বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সম্প্রতি কওমি ধারার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কয়েকটি ইসলামি দলের নেতাদের বৈঠকের পর থেকেই ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় এর আগে খেলাফত আন্দোলনও আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সর্বশেষ খেলাফত মজলিসও একই সিদ্ধান্ত নিল। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জামায়াত নেতৃত্বাধীন ওই রাজনৈতিক ঐক্যের সঙ্গেই রয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ