অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙানোর অভিযোগে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ জারি করা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান।
প্রক্টর অফিস থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুনের ব্যত্যয় ঘটিয়ে ক্যাম্পাসের ঝাল চত্বরের একটি গাছে সংগঠনের নাম সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে ক্যাম্পাসের স্বাভাবিক ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় শান্ত পরিবেশ বিনষ্ট করার দায়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে ক্যাম্পাসের ঝাল চত্বরে ব্যানারটি টাঙান ছাত্রশক্তির নেতাকর্মীরা। তবে প্রশাসনিক কার্যক্রম শেষে নিরাপত্তার স্বার্থে সেটি অপসরণ করে ইবি প্রশাসন। বিষয়টি ফুয়াদ হাসান ফেসবুকে পোস্ট করলে আলোচনা তৈরি হয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তারা আবারও একই ব্যানার টাঙালে ব্যানারটি ছিঁড়ে ফেলা হয় এবং প্রক্টর অফিস থেকে তার বিরুদ্ধে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
ইবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রক্টর অফিসের নির্দেশনা অনুযায়ীই ব্যানারটি খোলা হয়েছে।
এদিকে শোকজ পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে ফুয়াদ হাসান বলেন, “বর্তমান সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি স্বৈরাচারী রূপ ধারণ করেছে। সরকারের সমালোচনামূলক একটি ব্যানার টানানোর কারণে আমার ওপর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর আজ এমন পরিস্থিতিতে বিচার চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ছাত্রসমাজ ও দেশের মানুষের কাছেই আমি এই ঘটনার বিচার রেখে গেলাম।”
আর/

