নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির, বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইসমাইল নূরপুরী স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নরসিংদী শহরে নিজের বাসভবনে তিনি স্ট্রোক করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নরসিংদীর ঐতিহ্যবাহী বুয়াকৌড় মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাওলানা ইসমাইল নূরপুরীর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির মাওলানা মামুনুল হক।
এক বিবৃতিতে মাওলানা মামুনুল হক বলেন, মাওলানা ইসমাইল নূরপুরী বাংলাদেশ খেলাফত মজলিসের একজন অগ্রনায়ক। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এর সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় তিনি সংগঠনের আমিরের দায়িত্বও পালন করেন।
তিনি আরও বলেন, সুদীর্ঘ সাংগঠনিক জীবনে মাওলানা ইসমাইল নূরপুরী সংগঠনের আদর্শ, দাওয়াত ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি ইসলামী শিক্ষা ও দ্বীনি কর্মকাণ্ডেও তাঁর অবদান রয়েছে।
মামুনুল হক বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিসের অগ্রযাত্রায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয়।”
তিনি মাওলানা ইসমাইল নূরপুরীর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, দেশবাসী ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা যেন আন্তরিকভাবে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করেন।

