আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
হরমুজ প্রণালিতে ওমানের উপকূলসংলগ্ন অস্থায়ী নৌ-করিডর ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রেডিও বার্তার মাধ্যমে ওমানের করিডর ব্যবহার করতে চাওয়া জাহাজগুলোকে সতর্ক করছে। একই সঙ্গে তাদের ইরান নির্ধারিত নৌ-করিডর ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, ওই নির্দেশনার পর ওমানের করিডর দিয়ে চলাচলের চেষ্টা করা একটি ভারতীয় তেল ট্যাঙ্কারকে ফিরে যেতে হয়। এছাড়া জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ফার্স দাবি করেছে, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজই ইরান অনুমোদিত করিডর ব্যবহার করেছে।
এর আগে, গত ২৪ জুন ওমান এবং জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওমানের উপকূলঘেঁষা একটি অস্থায়ী নৌ-করিডর চালুর ঘোষণা দেয়। ইরানের দাবি, ওই করিডরের তদারকির দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে ছিল।
তবে ভারতীয় তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দেওয়ার এ দাবির বিষয়ে ভারত, ওমান কিংবা সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখন পর্যন্ত শুধুমাত্র ইরানের পক্ষ থেকে করা দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা, ফার্স নিউজ
আর/

