আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
যুদ্ধ, শত্রুতা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি কখনোই উন্মুক্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে ইরানের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ছাড় দেবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এবং তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আকরামিনিয়া বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা। তিনি স্পষ্ট করে বলেন, ‘যুদ্ধ, শত্রুতা এবং মার্কিন আগ্রাসনের মধ্যে হরমুজ প্রণালি কখনো খোলা হবে না।’
ইরানি সেনা মুখপাত্র আরও বলেন, দেশের সশস্ত্র বাহিনীর ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বিশেষ করে ইসলামি বিপ্লবের শহীদ নেতাসহ নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ অবস্থান থেকে কোনোভাবেই সরে আসবেন না।
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন কঠোর বক্তব্য এলো। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য ডন, মেহের নিউজ এজেন্সি, তাসনিম নিউজ এজেন্সি
আর/

