অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তরা হলেন স্থানীয় লাবিব, সাবনুর ও হোসেন।
অভিযোগ অনুযায়ী, ১৭ জুলাই (শুক্রবার) সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার (সাবেক) বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, লাবিব অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মসজিদের ইমাম আল-আমীনকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা পবিত্র ধর্মীয় স্থানে হামলার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার বলেন, “পবিত্র মসজিদে হামলা এবং ইমামকে মারধরের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মসজিদ কমিটির সহ-সভাপতি মো. বকুল বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
স্থানীয়দের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
আর/

