অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ইসলামী অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করতে জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া, আইএফএ কনসালটেন্সি লিমিটেড (IFAC) এবং সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ (CIES)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতার মাধ্যমে ইসলামী অর্থনীতি, শরিয়াহ গবেষণা, একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
MoU স্বাক্ষর করেন যারা
জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মুদির মাওলানা মামুনুল হক।
আইএফএ কনসালটেন্সি লিমিটেডের (IFAC) পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম। আর সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজের (CIES) পক্ষে স্বাক্ষর করেন অনুমোদিত প্রতিনিধি মুফতি সানাউল্লাহ।
ইসলামী অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথ কার্যক্রম
সমঝোতার আওতায় ইসলামী অর্থায়ন, শরিয়াহ গভর্ন্যান্স, AAOIFI শরিয়াহ মানদণ্ড, ফিকহুল মু‘আমালাত, করপোরেট ফাইন্যান্স, সুকুক ও সুদমুক্ত আর্থিক ব্যবস্থা বিষয়ে যৌথ শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া কর্মশালা, সেমিনার, ওয়েবিনার ও সম্মেলন আয়োজনের পাশাপাশি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
তিন প্রতিষ্ঠানের আলেম, শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা পারস্পরিকভাবে রিসোর্স পারসন ও প্রশিক্ষক হিসেবেও যুক্ত হতে পারবেন।
দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক ইসলামী অর্থনীতি ও পেশাগত জ্ঞানের সমন্বয়ে ভূমিকা রাখবে।
এর মাধ্যমে দেশে শরিয়াহভিত্তিক অর্থনীতি ও গবেষণার ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির পাশাপাশি ইসলামী অর্থায়ন ও শরিয়াহ গবেষণায় শিক্ষা, প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার নতুন সুযোগ সৃষ্টি হবে।


