খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইরানের স্পিকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ২ জুলাই ঢাকা ছাড়বেন; ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান

by ABDUR RAHMAN
খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হবেন।

বিজ্ঞাপন
banner

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার উল্লেখ করেন, এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেলে তারা সম্মানিত বোধ করবেন। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তিনি ইরান সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার এতে অংশ নেবেন।

জানা গেছে, স্পিকারের পাশাপাশি জাতীয় সংসদের আরও কয়েকজন সদস্য নিজ উদ্যোগে ইরানে গিয়ে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

ইরান সরকার কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাবে। আগামী ৪ জুলাই প্রথম জানাজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

বার্তা সংস্থা মেহর নিউজের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ইরানের কর্তৃপক্ষ আশা করছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ