অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সতর্কতামূলক ভিডিও বার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। তবে অভিযোগের পর এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) না হওয়ায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এ সময় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে যান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ। তিনি নিজের এলাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্প এবং সরকারি বরাদ্দ সংক্রান্ত তথ্য জানতে চান।
অভিযোগ অনুযায়ী, এ সময় দাপ্তরিক তথ্য দেওয়ার বিষয়ে অফিস সহকারীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। অফিস সহকারীর দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া তথ্য দেওয়া সম্ভব নয় জানালে রাইসুল ইসলাম রিশাদ ক্ষুব্ধ হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তবে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় বুধবার (১৫ জুলাই) সকালে পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং অফিসে তালা ঝুলিয়ে দেন।
এরপর বৃহস্পতিবার ইউএনও আফিয়া আমীন পাপ্পা কয়েকজন গণমাধ্যমকর্মীকে তাঁর কার্যালয়ে ডেকে একটি ভিডিও বার্তা দেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও বার্তায় ইউএনও বলেন, সরকারি কাজে বাধা দেওয়া কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৭ ও ১৮৮ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অস্বীকার করেছেন রাইসুল ইসলাম রিশাদ। তিনি বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারীকে হুমকি দেওয়া হয়নি। এলাকার একটি সড়ক নির্মাণকাজে অনিয়ম এবং সরকারি সেলাই মেশিন বিতরণে অনিয়মের বিষয়ে জানতে তিনি পিআইও ও ইউএনও কার্যালয়ে গিয়েছিলেন। এসব বিষয় তুলে ধরায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইউএনও আফিয়া আমীন পাপ্পা বলেন, প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন বা কাজে বাধা দিলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে হুমকির অভিযোগে মামলা বা জিডি হয়েছে কি না জানতে চাইলে ইউএনও বলেন, “ওই রকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি।” কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
আর/

