‘অলংকারিক কমিটি’ হয়ে গেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: হাসনাত আবদুল্লাহ

এনবিআর সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চার এজেন্ডায় আলোচনা; সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতায় কোনো এজেন্ডায় সিদ্ধান্ত হয়নি, অভিযোগ হাসনাতের

by ABDUR RAHMAN
‘অলংকারিক কমিটি’ হয়ে গেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এমপি। সরকারদলীয় কয়েকজন সদস্য কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

বিজ্ঞাপন
banner

রোববার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি জানান, বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা ইতিবাচক অবস্থান নিলেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে কোনো এজেন্ডাতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, কমিটির সভাপতি না হয়েও চিফ হুইপ বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করছেন। একই সঙ্গে সরকারদলীয় সদস্যদের অনেকে কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় আন্তরিকতা দেখাচ্ছেন না এবং এটিকে কার্যত ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন।

তিনি বলেন, জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠকেও সরকারদলীয় কয়েকজন সদস্য জানিয়েছিলেন, তারা প্রস্তুত ছিলেন না। দ্বিতীয় বৈঠকেও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অর্থমন্ত্রী বিষয়গুলোতে ইতিবাচক মনোভাব দেখালেও সদস্যদের অসহযোগিতার কারণে কোনো প্রস্তাবেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

বৈঠকে ব্যবসায়ীদের হয়রানি কমানো ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর বিষয়েও বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান এনসিপির এই নেতা। এর মধ্যে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে সমন্বিত একটি ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব রয়েছে।

এ ছাড়া করের আওতা সম্প্রসারণ, কমলাপুর ডিপোর সক্ষমতা বাড়ানো এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়েও বৈঠকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে বলে জানান হাসনাত আবদুল্লাহ।

তবে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হলেও দ্বিতীয় বৈঠক থেকে কোনো বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসায় কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

banner

এ জাতীয় আরো সংবাদ