কুমিল্লায় মাদকবিরোধী খুতবার জেরে ইমামকে মারধর, অভিযুক্ত ছাত্রলীগ নেতার

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ; তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

by ABDUR RAHMAN
কুমিল্লায় মাদকবিরোধী খুতবার জেরে ইমামকে মারধর

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জুমার খুতবায় মাদক, সুদ, ঘুষ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর এক মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার নাম এসেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বিজ্ঞাপন
banner

শুক্রবার উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর (সোনারাম) কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত সালেহ আহমদ শান্তর বিরুদ্ধে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মসজিদের ইমাম মুফতী উসমান গনি খুতবায় ইসলামি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তব্যে তিনি সুদ, ঘুষ, নামাজ, রোজা, নৈতিকতা এবং সমাজে মাদকের বিস্তার নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, মাদকের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক তরুণ রাত জেগে ফুটবল খেলা দেখলেও ফজরের নামাজ আদায় করেন না।

ইমাম মুফতী উসমান গনির অভিযোগ, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সালেহ আহমদ শান্ত তার পথরোধ করেন। পরে খুতবায় তাকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়া হয়েছে দাবি করে শারীরিকভাবে হামলা করেন। এ সময় স্থানীয় মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা আল আমিন সরকার দাবি করেন, খুতবায় মাদক, সুদ ও নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করায় হামলার ঘটনা ঘটে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে বিএনপির কিছু নেতার সঙ্গে চলাফেরা করলেও অতীতে ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন।

ঘটনার বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এখনো পর্যন্ত ইমামের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জেনেছেন। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ