অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এক হাজার মানুষের জন্য রান্না করা খাবার প্রস্তুত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড। প্রস্তুত করা এসব খাবার দ্রুত বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উদ্যোগে এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাইছুর রহমান চৌধুরী তিতুর ব্যবস্থাপনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
খাবার প্রস্তুত কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী স্বেচ্ছাসেবকদের সঙ্গে রান্না ও খাবার প্যাকেটজাত করার কাজেও অংশ নেন। তিনি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন এবং স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন।
এ সময় অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের এই সময়ে কেউ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, শুধু খাদ্য সহায়তা নয়, দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহযোগিতাও অব্যাহত রাখা হবে। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদেরও সমন্বিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাইছুর রহমান চৌধুরী তিতু বলেন, প্রস্তুত করা রান্না করা খাবার দ্রুত বন্যাকবলিত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় দায়িত্বশীল, ওয়ার্ড নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা খাবার প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণ কার্যক্রমে অংশ নেন।
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
আর/

