অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনকে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। রাত ৯টা ২৩ মিনিটে তারা ওয়াকআউট করেন বলে জানা গেছে।
সংসদে ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা দুটি শপথ নিয়েছেন—একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংস্কার পরিষদের প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের জন্য আলাদা কমিটি গঠন করা হলে তা তারা গ্রহণ করবেন না বলে জানান তিনি।
তিনি বলেন, গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো। জনগণের মতামত উপেক্ষা করা হলে ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই তারা সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম সংবিধান সংশোধন বিশেষ কমিটির নাম প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এর আগে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা ছিল। সরকারি দল, ট্রেজারি বেঞ্চ ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে ১২ জনের নাম দেওয়ার কথা থাকলেও বিরোধীদল সদস্যদের নাম প্রস্তাব না করায় বর্তমানে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিরোধীদল পরবর্তীতে নাম দিলে তাদের অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে গত অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সরকারি দল ও স্বতন্ত্র সদস্যদের পাশাপাশি বিরোধীদলের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার সুযোগ থাকবে।
তবে পরবর্তীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, বিশেষ কমিটিতে বিরোধীদল কোনো সদস্যের নাম দেবে না।
আর/

