অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সম্রাট হোসেন বাপ্পা দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি উপজেলার ভেলুরচক গ্রামে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তাঁর জানাজা শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেলুরচক গ্রামের রফিক আকন্দ ও তাঁর ছোট ভাই আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, আব্দুল করিম আকন্দ তাঁর সমর্থকদের নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা চালান। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সম্রাট হোসেন বাপ্পাও হামলার শিকার হন। হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গেলে তাঁর মা জোসনা বেগমও আহত হন।
আহতদের প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে ২৭ জুন দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ আটজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ১ জুলাই রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দাড়ালকুল গ্রাম থেকে আব্দুল করিম আকন্দ ও তাঁর স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল করিম আকন্দ দুপচাঁচিয়া সদর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। পুলিশ জানিয়েছে, একই পরিবারের দুই ভাই ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেও সংঘর্ষের মূল কারণ ছিল জমি-সংক্রান্ত বিরোধ।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মামলার প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে, জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন, সম্রাট হোসেন বাপ্পার হত্যার প্রতিবাদে জানাজা শেষে দুপচাঁচিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
আর/

