অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা হিসেবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। উপহার হিসেবে মোট ১১০০ কেজি আম ভারতে পাঠানো হয়।
মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আমের চালান দুটি সীমান্ত পেরিয়ে ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, উপহারে রাখা হয়েছে বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় আম্রপালি এবং হাঁড়িভাঙ্গা জাতের আম, যা দেশীয় স্বাদ ও মানের জন্য ব্যাপকভাবে পরিচিত।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। দুই মিশনের মাধ্যমে এই আমগুলো পরে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন ও আমন্ত্রিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
চালানের একটি অংশ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্যও বরাদ্দ রাখা হয়েছে, যেখানে প্রত্যেকের জন্য ১০০ কেজি করে আম নির্ধারণ করা হয়েছে। বাকি অংশ স্থানীয় প্রশাসন, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে বিতরণ করা হবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ ধরনের উপহার বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ করতে ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরেই এই প্রথাকে দুই দেশের মধ্যে ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ হিসেবে দেখা হয়।
আর/

