নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বানভাসি মানুষের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখা।
আজ শুক্রবার (১৭ জুলাই) উপজেলার সরল ও জলদি ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া ১৫টি পরিবারের মাঝে গৃহনির্মাণ এর টিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
যুব মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সান্ত্বনায় তিনি বলেন, “ভয়াবহ বন্যায় মানুষ আজ গৃহহীন ও নিঃস্ব। আমরা আমাদের সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি।” এ সময় তিনি সরকারিভাবে দ্রুত ও জরুরী পুনর্বাসন কার্যক্রম শুরু করার জোর দাবি জানান। পাশাপাশি দেশ বিদেশের সর্বস্তরের বিত্তবান ও সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ।
ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুব মজলিস চট্টগ্রাম মহানগরের সহসভাপতি হাফেজ সাখাওয়াত হোসাইন, অফিস সম্পাদক জনাব আসলাম হোসাইন এবং সমাজকল্যাণ সম্পাদক জনাব আশরাফ উদ্দিন।
দুর্যোগের এই মুহূর্তে উপহার হিসেবে প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ হাতে পেয়ে উপস্থিত বানভাসি ও ক্ষতিগ্রস্ত মানুষ গভীর সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

