আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
কানাডায় বসবাসরত অন্তত ৩৪টি আফগান হিন্দু পরিবার পুনরায় আফগানিস্তানে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি দেশটিতে ফিরে আসা আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য নরেন্দ্র সিং খালসা এ তথ্য জানিয়েছেন।
আফগান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ কমিশন’-এর প্রধান শাহাবুদ্দিন দেলাওয়ারের সঙ্গে এক বৈঠকে নরেন্দ্র সিং খালসা কানাডায় থাকা এসব পরিবারের আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
দীর্ঘ সময় প্রবাসে থাকার পর নিজ দেশে ফিরে সন্তোষ প্রকাশ করেন খালসা। তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে বলে তার কাছে মনে হয়েছে। এই পরিস্থিতি দেখে আরও অনেক আফগান হিন্দু পরিবার দেশে ফিরতে আগ্রহী হয়ে উঠেছে।
বৈঠকে শাহাবুদ্দিন দেলাওয়ার আফগানিস্তানে হিন্দু ও শিখ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তাদের সম্পত্তির অধিকার ও অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।
নরেন্দ্র সিং খালসা নিজেও সম্প্রতি কানাডা থেকে আফগানিস্তানে ফিরে এসেছেন। তিনি একসময় আফগান সংসদে হিন্দু ও শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছিলেন।
তিনি আরও জানান, কানাডাভিত্তিক প্রবাসী আফগান শিখ সম্প্রদায়ের সদস্যরা শুধু দেশে ফিরতেই আগ্রহী নন, তারা আফগানিস্তানের স্বাস্থ্য খাতেও অবদান রাখতে চান। এ লক্ষ্যে দেশটিতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছেন তারা।
প্রবাসী সম্প্রদায়ের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিদেশে বসবাসরত আফগানদের অংশগ্রহণ দেশের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনতে পারে।
আফগানিস্তানে ফিরে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরও অনেক পরিবার দেশে ফেরার বিষয়ে উৎসাহিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্র: আরিয়ানা নিউজ
আর/

