অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাষ্ট্রপতির ‘দেবী দুর্গার আবির্ভাব’ সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, “শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল”—রাষ্ট্রপতির এমন বক্তব্য বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে হতবাক ও ব্যথিত করেছে।
তারা বলেন, ইসলামি আকিদা অনুযায়ী, মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা। অন্য কোনো ধর্মের দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা বা রক্ষক হিসেবে উপস্থাপন করা ইসলামের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
নেতারা আরও বলেন, হিন্দু সম্প্রদায় নিজস্ব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উৎসব পালন করবে, এতে মুসলমানদের কোনো আপত্তি নেই। ইসলামও অন্য ধর্মের প্রতি সহনশীলতার শিক্ষা দেয়। তবে অন্য ধর্মের উৎসবের প্রতি সম্মান প্রদর্শন এবং নিজ ধর্মের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দেওয়া এক বিষয় নয়।
তাদের ভাষ্য, রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন একজন মুসলিম ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। রাষ্ট্রপতির মতো দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য দেওয়া দায়িত্বহীনতার পরিচায়ক।
বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রপতির বক্তব্যের উদ্দেশ্য যা-ই হোক, এর ধর্মীয় তাৎপর্য ও জনমনে সৃষ্ট প্রতিক্রিয়াকে উপেক্ষা করার সুযোগ নেই।
খেলাফত যুব মজলিসের নেতারা অবিলম্বে রাষ্ট্রপতিকে বক্তব্যটি প্রত্যাহার করার দাবি জানান। একই সঙ্গে দেশের তৌহিদী জনতার কাছে বক্তব্যটির সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় ধর্মপ্রাণ মানুষ এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

