বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।
সমাবেশে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আলী উসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদ উল্লাহ এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মুফতি সাঈদ উদ্দিন হানজালা।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবছার উদ্দিন চৌধুরী।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলা’ এবং ‘ধর্ম-বর্ণ-ভিন্নমত নির্বিশেষে সবার জন্য খেলাফত’—এই বার্তা সামনে রেখে সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে দ্রুত উদ্যোগ গ্রহণ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
