রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের

by ABDUR RAHMAN
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (০৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর দিবাগত রাতে ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর এ হামলা চালায়। এতে দৈনিক আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু—এই চারজন সংবাদকর্মী গুরুতর আহত হন। তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম থাকা সত্ত্বেও সাংবাদিকদের ওপর এমন হামলাকে চরম উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন জামায়াত নেতা জুবায়ের। তিনি বলেন, গণমাধ্যমে প্রচারিত স্পষ্ট ভিডিও ফুটেজে অপরাধীদের ছবি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া বা গ্রেপ্তার না করা আরও বেশি হতাশাজনক।

মুক্ত সাংবাদিকতা ও শিক্ষার্থীদের ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায়, ভবিষ্যতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে বা শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হলে তার সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ