অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে লড়বে না কুমিল্লার কোনো আইনজীবী

মানবিক দিক বিবেচনা করে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত; নিরপেক্ষ বিচারে রাষ্ট্রই আইনজীবী নিয়োগ দেবে বলে নিশ্চিত করলেন পিপি

by ABDUR RAHMAN
অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে লড়বে না কুমিল্লার কোনো আইনজীবী

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের শিশুসন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে অভিযুক্তদের পক্ষে না দাঁড়ানোর কঠোর ও অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক ও নৈতিক দিক বিবেচনা করে স্থানীয় কোনো আইনজীবী যাতে আসামিদের আইনি সহায়তা না দেন, সে বিষয়ে যৌথভাবে ঐকমত্যে পৌঁছেছেন সমিতিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় এ কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের শিশুসন্তান অপ্রতিম হত্যা মামলার অগ্রগতি ও সুবিচারের সার্বিক পরিস্থিতি জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

পিপি কাইমুল হক রিংকু বলেন, “শোকসন্তপ্ত পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মামলার তদন্তের অগ্রগতি সন্তোষজনক। আসামিপক্ষে কোনো স্থানীয় আইনজীবী অংশ না নিলেও বিচারে কোনো আইনি বাধা আসবে না। নিরপেক্ষ বিচার ও সুবিচারের স্বার্থে প্রয়োজন মনে করলে রাষ্ট্র নিজে উদ্যোগী হয়ে আসামিদের জন্য আইনি প্রতিনিধি নিয়োগ করবে।”

আলোচনা সভায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার জানান, সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ ও সামাজিক দায়বদ্ধতা থেকে সমিতির সদস্যরা মৌখিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা স্পষ্ট করেন, একতরফা বিচারে যেন সুবিচারের ঘাটতি না তৈরি হয়, সেজন্য রাষ্ট্র নির্ধারিত আইনজীবী আইনি প্রক্রিয়া সামলাবেন, তবে জেলা সমিতির কেউ অপরাধীদের পক্ষে দাঁড়াবেন না।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ও উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। শিক্ষার্থী ও স্বজনরা নিহত অপ্রতিমকে একজন মিশুক শিশু হিসেবে স্মরণ করেন এবং রামিসা হত্যার বিচারের ন্যায় এই হত্যাকাণ্ডেরও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করেন।

যৌথ এই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ