ব্যর্থ সরকার তেলের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে বোঝা চাপাচ্ছে, এটাই কি ‘আই হ্যাভ আ প্ল্যান’?- আতাউল্লাহ আমীন

বায়তুল মোকাররমে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ; অবিলম্বে তেলের দাম কমানোর দাবি

by ABDUR RAHMAN
ব্যর্থ সরকার তেলের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে বোঝা চাপাচ্ছে

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশ থেকে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার নিজেদের ব্যর্থতার দায় জনগণের ঘাড়ে চাপিয়ে নিত্যপণ্যের বাজার ও অর্থনীতিকে এক অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিচ্ছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বিএনপিকে ব্যর্থ সংগঠন আখ্যা দিয়ে বলেন, “আগে তারা ছিল ব্যর্থ বিরোধী দল, আর এখন তারা ব্যর্থ সরকারি দল। ক্ষমতার আসার পর থেকেই একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির দাম বাড়িয়ে তারা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।”

তেলের মূল্যবৃদ্ধির পেছনে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল দাবি করে তিনি প্রশ্ন তোলেন, “দাম বাড়ার ঠিক পরপরই বাজার স্বাভাবিক হয়ে গেল কীভাবে? কারা এই কৃত্রিম সংকট তৈরি করেছিল এবং কার স্বার্থে তেলের দাম বাড়ানো হলো, সরকারকে এর জবাব দিতে হবে।” তিনি আশঙ্কা ব্যক্ত করেন যে, বাজারে চলতি গ্যাস সংকটকে পুঁজি করে গ্যাসের দামও বাড়িয়ে দেওয়া হতে পারে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত করে তিনি কঠোর সমালোচনা করেন, “চার কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন শুধু যুবদল ও ছাত্রদলের হাতেগোনা কিছু নেতাকর্মীর সুবিধা নিশ্চিত করা হচ্ছে। জনগণের আয় বাড়ছে না, অথচ তাদের ওপর খরচের বোঝা চাপানো হচ্ছে। এটাই কি তাদের ‘আই হ্যাভ আ প্ল্যান’?” তেলের দরবৃদ্ধির ক্ষতিকর প্রভাব পরিবহন, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সব খাতে পড়বে উল্লেখ করে তিনি দুর্নীতি বন্ধ ও বাজার নিয়ন্ত্রণের জোরালো দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ বক্তব্য দেন সংগঠনের যুগ্মমহাসচিব মুফতি শরাফত হুসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ যুব ও ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ