অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে নিজের সুরক্ষা নিশ্চিত করার দক্ষতা বাড়াতে পাঁচ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সূচনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্যাম্পাসের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে আনুষ্ঠানিকভাবে এই আত্মরক্ষা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
আয়োজকদের সূত্রে জানা গেছে, সম্পূণ বিনামূল্যে পরিচালিত এই উদ্যোগে অন্তত ৬০০ নারী শিক্ষার্থীকে প্রশিক্ষিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাঁচ দিনের এই সূচিতে অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থী দুটি করে বিশেষ সেশনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। সেশনগুলোতে মার্শাল আর্টের প্রাথমিক পাঠ, বিপজ্জনক মুহূর্তে আত্মরক্ষার কার্যকরী উপায় এবং সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যায়াম শিখিয়ে দেওয়া হবে।
বিশেষজ্ঞ একজন পেশাদার ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে এই সেশনগুলো পরিচালিত হবে। মূলত দৈনন্দিন চলার পথে হঠাৎ কোনো ঝুঁকি বা প্রতিকূলতার মুখোমুখি হলে নিজেদের কীভাবে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করাই এর প্রধান লক্ষ্য। সফলভাবে সেশন শেষ করার পর সকল অংশগ্রহণকারীকে প্রাতিষ্ঠানিক সনদপত্রও প্রদান করা হবে।
এ বিষয়ে চাকসুর সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা জানান, সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীরা আত্মরক্ষার মূল বিষয়গুলো রপ্ত করতে পারবেন। প্রশিক্ষকের অধীনে দুটি সেশন সম্পন্ন করার পর তাদের মাঝে সনদ বিতরণ করা হবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণ নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক হবে, যা বিপদের মুহূর্তে নিজেদের নিরাপদে রাখতে সক্ষমতা জোগাবে।

