আল-আজহারের প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম

মিশরের আল-আজহার ইন্টারন্যাশনাল একাডেমির দুই মাসব্যাপী ‘সমসাময়িক দাঈ প্রস্তুতি’ কোর্স সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশের ৬ জন ইমাম ও দাঈ।

by Master Fatih
আল-আজহারের প্রশিক্ষণ শেষে দেশে ফেরা ৬ বাংলাদেশি আলেম

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

মিশরের বিশ্বখ্যাত আল-আজহার ইন্টারন্যাশনাল একাডেমির দুই মাসব্যাপী ‘সমসাময়িক দাঈ প্রস্তুতি’ (Contemporary Da’ee Preparation) প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশের ছয়জন ইমাম ও দাঈ। দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানানো হয়।

বিজ্ঞাপন
banner

আল-আজহারের আন্তর্জাতিক এই প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও ভারত, আলজেরিয়া, নাইজেরিয়া, ঘানা, কঙ্গো, গাম্বিয়া, জিবুতি ও টোগোর প্রতিনিধিরা অংশ নেন। দুই মাসব্যাপী কোর্সে অংশগ্রহণকারীদের আবাসন, আহার ও প্রশিক্ষণসহ সম্পূর্ণ ব্যয়ভার আল-আজহার শরিফ বহন করেছে।

প্রশিক্ষণে সমসাময়িক দাওয়াতি কার্যক্রম, ধর্মীয় আলোচনার আধুনিকায়ন, চরমপন্থি চিন্তাধারা মোকাবিলা এবং ইসলামে মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দাঈদের গণমাধ্যম ও যোগাযোগ দক্ষতা বাড়াতেও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আল-আজহার শরিফ দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের ইমাম ও দাঈদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তুলতে কাজ করছে। ইসলামের সঠিক বার্তা প্রচার, শান্তি ও সহাবস্থানের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেও প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

দেশে ফিরে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা প্রশিক্ষণ আয়োজনের জন্য আল-আজহার শরিফ, এর গ্র্যান্ড ইমাম এবং আল-আজহার ইন্টারন্যাশনাল একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান ও দাওয়াতি দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। দেশে ফিরে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গঠন এবং মধ্যপন্থা ও সহনশীলতার সংস্কৃতি বিকাশে এই অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয়ও জানান তারা।

banner

এ জাতীয় আরো সংবাদ