আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা সরদার আহমাদ শাকীব। একই সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ নিয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় এসব কথা বলেন আফগান রাষ্ট্রদূত সর্দার আহমেদ শাকীব।
তিনি বলেন, ২০২১ সালের পর কাবুলে নতুন একটি রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আফগানিস্তান তার ভূখণ্ড কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হতে দিতে চায় না।
আফগান রাষ্ট্রদূতের ভাষ্য, ভৌগোলিক অবস্থান, অভিন্ন সম্প্রদায়, বাণিজ্য, ট্রানজিট ও নিরাপত্তার কারণে আফগানিস্তান ও পাকিস্তান পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে একটি দেশের অভ্যন্তরীণ বা আঞ্চলিক কোনো ঘটনা অন্য দেশের ওপরও সরাসরি প্রভাব ফেলতে পারে।
আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে ব্যবহার করা কাবুলের কাছে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে আফগানিস্তান থেকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে পাকিস্তানের উদ্বেগের বিষয়টি কাবুল বুঝতে পারে বলে জানান শাকীব। তার মতে, এ ধরনের অভিযোগ উত্থাপন করা হলে সেগুলো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হওয়া প্রয়োজন। বিশেষ করে সংশ্লিষ্ট ব্যক্তি, নেটওয়ার্ক এবং নির্দিষ্ট ঘটনার বিস্তারিত তথ্যসহ শক্ত ও বাস্তব প্রমাণ উপস্থাপন করা উচিত।
আফগান রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তান যদি নিজেদের নিরাপত্তা উদ্বেগ মোকাবিলায় আফগানিস্তানের সহযোগিতা প্রত্যাশা করে, তাহলে ইসলামাবাদেরও আফগানিস্তানের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ নিয়ে সরাসরি আলোচনা করা প্রয়োজন।
তিনি বলেন, দুই দেশের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্কের কারণে নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক যোগাযোগ ও সম্পৃক্ততার কোনো বিকল্প নেই।
রাষ্ট্রদূতের বক্তব্যে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা উদ্বেগকে আলোচনার মাধ্যমে সমাধান এবং সম্পর্কের ক্ষেত্রে গঠনমূলক সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আর/

