নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চের আগেই গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেছেন, জনগণের রায় অমান্য, পাশ কাটিয়ে যাওয়া বা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা শুভ ফল বয়ে আনবে না। একই সঙ্গে সংবিধান সংস্কার না করে সরাসরি সংবিধান সংশোধনের পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকাস্থ সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেন, জনগণের ভোট ও গণরায়কে সম্মান করা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দায়িত্ব। তাই জনগণের কোনো গণরায় অস্বীকার করা কিংবা তা বাস্তবায়নে গড়িমসি করে রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করা উচিত নয়।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “৫ সেপ্টেম্বরের লংমার্চের আগেই সরকারের পক্ষ থেকে গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে তা দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, জনগণের রায়কে সম্মান না করার পরিণতি কখনো ভালো হয়নি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারের উচিত জনগণের রায় মেনে নিয়ে দ্রুত তা বাস্তবায়নের ঘোষণা দেওয়া।
গণরায় বাস্তবায়নে বিলম্ব হলে জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি কারও জন্যই কল্যাণকর হবে না।
এ সময় আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে আরও বক্তব্য দেন দলটির নায়েবে আমীর মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মাদ আজীজসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা।

