অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ইউনূস সেন্টারের পাঠানো এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন।
শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন গভীরভাবে সম্পৃক্ত।
তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, সংকটকালীন নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা মির্জা ফখরুলকে দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
অধ্যাপক ইউনূস আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে বলে তিনি প্রত্যাশা করেন।
শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এটাই তাঁর প্রত্যাশা।
একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আর/

