অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর মিন্টো রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রদর্শনী পরিদর্শনে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা। তাদের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রদর্শনী ঘুরে দেখার সময় উপস্থিত নেতাদের সঙ্গে স্লোগান দেন সারজিস আলম। এতে জামায়াতের নেতারাও অংশ নেন। এ সময় ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান উচ্চারিত হয়।
স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে অবস্থান করে ‘ফ্যাসিস্ট সরকার’ সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে।
তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা হিসেবে যে ‘হ্যাঁ’ ভোটের রায় এসেছে, তা বর্তমান সরকার বাস্তবায়ন করেনি। দ্রুত জুলাই সনদ কার্যকর করা না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
আর/

