অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সমাবেশে বক্তব্য দেবেন এবং গণমিছিলে নেতৃত্ব দেবেন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। জোহরের নামাজের আগে সমাবেশ শেষ করে একটি গণমিছিল বের করা হবে। এতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নেতৃত্ব দেবেন।
সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একমাত্র পীর সাহেব চরমোনাই সরাসরি মাঠে ছিলেন। তিনি দলের অস্তিত্বের ঝুঁকি নিয়েও আন্দোলনে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী ৫ আগস্ট জুলাইয়ের সেই অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে সেদিন ঢাকার রাজপথ জনতার স্লোগানে মুখরিত হবে।
যৌথসভায় আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে দলটি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে এবং সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ সঞ্চালনা করেন। এতে সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়ালসহ মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আর/

