আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠন এবং এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চীন ও তুরস্কের যৌথ অবস্থানকে স্বাগত জানিয়েছে ইমারাতে ইসলামিয়া। দেশটির মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানকে ঘিরে গঠনমূলক আঞ্চলিক সহযোগিতা দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
শনিবার (১ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারায় চীন ও তুরস্কের কর্মকর্তাদের বৈঠকের পর দেওয়া যৌথ অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি ইউ শিয়াওইয়ং এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক জিহাদ এরগিনাই অংশ নেন।
বৈঠকে আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠন, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আফগানিস্তানকে ঘিরে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। একই সঙ্গে আফগানিস্তান-সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হন।
চীনের বিশেষ প্রতিনিধি ইউ শিয়াওইয়ং বলেন, আফগানিস্তান-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চীন ও তুরস্ক ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখবে।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানকে কেন্দ্র করে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বেড়েছে। প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলো নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনায় গুরুত্ব দিচ্ছে। এ প্রেক্ষাপটে আঙ্কারার বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ইমারাতে ইসলামিয়া আশা প্রকাশ করেছে, আঞ্চলিক সহযোগিতা জোরদার হলে আফগানিস্তানের পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পথ আরও সুগম হবে।
সূত্র: হুরিয়াত রেডিও
আর/

