অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, বলাকা লাউঞ্জ এবং বিমানবন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ডিসকাউন্ট, বলাকা লাউঞ্জ ব্যবহারে ছাড়, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ আরও বিভিন্ন সেবা ধাপে ধাপে চালু করা হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণ উপলক্ষে বিমানবন্দরসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এছাড়া দুই মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আফরোজা খানম বলেন, প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও জানান, ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এখন প্রবাসী কার্ডধারীদের জন্য আরও বিশেষ সুবিধা যুক্ত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসী কার্ডধারীদের জন্য প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর ব্যবস্থাও নেওয়া হবে।
সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
জানা গেছে, প্রবাসী কার্ডধারীরা এসব সুবিধা পেতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কাউন্টারে কার্ড প্রদর্শন করলেই প্রয়োজনীয় সহায়তা পাবেন। সরকার দ্রুত সময়ের মধ্যে এসব সুবিধা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
আর/

