শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে হবে- মাওলানা জালালুদ্দীন আহমদ

বন্যা, জলাবদ্ধতা ও পরীক্ষা-সংক্রান্ত জটিলতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত গ্রহণযোগ্য সিদ্ধান্ত চায় দলটি

by ABDUR RAHMAN
শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে হবে

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

চলমান এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত সংকটের শান্তিপূর্ণ সমাধানে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সরকারের উচিত শিক্ষার্থীদের উদ্বেগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুত গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৫ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, দেশের বিভিন্ন এলাকায় বন্যা এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতার কারণে হাজারো পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যেও পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, দেশের কিছু অঞ্চলে পরীক্ষা স্থগিত রেখে অন্যত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় তারা কয়েক দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ছয় দফা দাবি নিয়ে কর্মসূচিও পালন করেছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে শিক্ষা-সংক্রান্ত বাস্তবসম্মত সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে। তাই বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ, দুটি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বরকে চূড়ান্ত ফল হিসেবে গণনা, প্রশ্নপত্রের ত্রুটির যথাযথ সমাধান, মূল্যায়নে ন্যায়সংগত ব্যবস্থা নিশ্চিত করা এবং পরীক্ষার পরিবেশ শিক্ষার্থীবান্ধব করার দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইতিবাচক উদ্যোগ। তবে বাকি দাবিগুলোর বিষয়েও দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা মানসিক চাপমুক্ত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে।

বিবৃতিতে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়েও সমালোচনা করেন খেলাফত মজলিসের মহাসচিব। তিনি বলেন, শিক্ষার্থীদের সম্পর্কে ব্যবহৃত ‘ফার্মের মুরগি’ মন্তব্যটি অনভিপ্রেত ও দুঃখজনক। তার ভাষ্য, এ ধরনের বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অসম্মানজনক এবং অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতির স্মৃতি উসকে দেয়। তরুণদের প্রতি রাষ্ট্রের ভাষা হওয়া উচিত সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীলতার।

তিনি আরও বলেন, আন্দোলনের সময় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের অভিযোগও উদ্বেগজনক। এ ধরনের ঘটনার জন্য সংশ্লিষ্টদের দুঃখ প্রকাশ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সবশেষে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ