অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মিছিলের পর মঙ্গলবার (১৪ জুলাই) রাতের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা স্থগিত এবং নতুন সময়সূচি ঘোষণার দাবিতে তারা আগের অবস্থানেই রয়েছেন। একই সঙ্গে বুধবার (১৫ জুলাই) নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থী প্রতিনিধিরা জানান, আপাতত কর্মসূচি স্থগিত করা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামী বুধবার শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর জাতীয় সংসদ ভবনের সামনে লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলেও তারা জানান। বিস্তারিত কর্মসূচি রাতেই প্রকাশ করা হবে।
শিক্ষার্থী প্রতিনিধি ও হাজারীবাগ সরকারি কলেজের শিক্ষার্থী ফয়েজ আহমেদ বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বুধবারের পরীক্ষা স্থগিত এবং নতুন রুটিন প্রকাশ—এই তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং বিকেলে আবার সায়েন্সল্যাবে ফিরে অবরোধ চালিয়ে যান।
সন্ধ্যায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা অবস্থান বজায় রাখেন। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া, লাঠিচার্জ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দাবি, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
পরবর্তীতে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে তারা আসাদগেট এলাকায় অবস্থান নেন। সেখানেও কিছু সময় উত্তেজনা চলার পর রাতের দিকে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তাদের সরে যাওয়ার পর রাজধানীর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, এতে তাদের মূল দাবির সমাধান হয়নি। তাই আগামী দিনের কর্মসূচি পূর্বঘোষণা অনুযায়ী অব্যাহত থাকবে।
টানা বৃষ্টি, বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, শিক্ষা বোর্ড ঘেরাও এবং পদত্যাগের দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে। একই সঙ্গে পরীক্ষা স্থগিত ও নতুন রুটিন প্রকাশের দাবিও জোরালো হয়েছে।
আর/

