অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে সরকারের চারজন মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী—এই চারজনকে পরিবর্তন করা প্রয়োজন। তার ভাষ্য, সংশ্লিষ্ট খাতগুলোর কার্যকারিতা বাড়াতে নতুন নেতৃত্ব প্রয়োজন।
পাটওয়ারীর ওই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। দুপুর পৌনে ১টা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৩০ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া (রিঅ্যাকশন) এবং প্রায় ১ হাজার ৭০০টি মন্তব্য জমা পড়ে।
এর আগে সোমবার (১৩ জুলাই) দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি বন্যার মধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনের সমালোচনা করেন। সেখানে তিনি লেখেন, ‘শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম পরীক্ষা নিয়ে দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।’
উল্লেখ্য, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করা হয়।
এমন প্রেক্ষাপটেই চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টটি নতুন করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
আর/

