অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চট্টগ্রামের ভয়াবহ বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে নতুন পাকা ঘর করে দেওয়ার ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার বিকেলে সংগঠনটির চেয়ারম্যান ও ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
শায়খ আহমাদুল্লাহ জানান, এবারের বন্যায় যেসব পরিবার সম্পূর্ণভাবে ঘর হারিয়েছে, তাদের দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেওয়া হবে। বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে এক পোস্টে তিনি জানান, দুর্গম পথ ও নানা প্রতিকূলতা পেরিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণবাহী লরিগুলো বন্যাদুর্গত এলাকায় পৌঁছেছে। প্রাথমিকভাবে ৮১ টন জরুরি ত্রাণ প্রায় ৬ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের পরিকল্পনা করা হয়েছে। তহবিল বাড়লে ত্রাণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে প্রথম ধাপে ২ হাজার ত্রাণ প্যাকেট প্রস্তুতের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য দুর্গত এলাকাতেও এসব ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
এদিকে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এসব এলাকায় কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে এবং জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, বৃহত্তর চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। তিনি দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসনেও কাজ করা হবে।
আর/

