চাঁদাবাজদের তালিকা করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে: মাওলানা মামুনুল হক

মোহাম্মদপুরের নাগরিক সমাবেশে চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা; জনগণকে শুধু সরকারি কর পরিশোধের আহ্বান।

by ABDUR RAHMAN
চাঁদাবাজদের তালিকা করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, নতুন ভবন নির্মাণ কিংবা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষকে বিভিন্নভাবে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। এ ধরনের চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন
banner

শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে ‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির দৌরাত্ম্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা-১৩ শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো চাঁদাবাজকে অর্থ না দিয়ে শুধু সরকার নির্ধারিত কর পরিশোধ করা উচিত। তিনি দাবি করেন, সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে চাঁদাবাজি, কিশোর গ্যাং, দখলদারিত্ব, মাদক ব্যবসা এবং মদের বার উচ্ছেদে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং এলাকাকে নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ নগরীতে পরিণত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, দরিদ্র, এতিম ও পিতৃহারা অনেক কিশোরকে অপরাধচক্র বিভিন্নভাবে ব্যবহার করছে। এসব তরুণকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে দক্ষতা উন্নয়ন, পুনর্বাসন এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সমাজের বিত্তবানদের সহযোগিতায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি।

মাদককে সব ধরনের অপরাধের অন্যতম প্রধান কারণ উল্লেখ করে মামুনুল হক বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ যেসব এলাকায় মাদক কারবার বিস্তার লাভ করেছে, সেখানে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

লালমাটিয়া এলাকায় মদের বার পরিচালনার সমালোচনা করে তিনি বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে সরকারের কিছু নীতির সমালোচনা করেন। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা, নর্দমা পরিষ্কারসহ নাগরিক সমস্যার সমাধানে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ