অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর মন্তব্য করেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়; বরং এটি একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক রেজিমেন্টেড রাজনৈতিক দল। তাদের উদ্দেশ্য শরিয়াহভিত্তিক একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা বাংলাদেশের মানুষের রাজনৈতিক চেতনা ও উদারপন্থি মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফখরুল আরও বলেন, দেশের মানুষ উদার ও গণতান্ত্রিক রাজনীতি চায়, ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নয়। তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে ভোট ব্যাংক তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরানো হলেও এখন নতুন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি সামনে এসেছে। যারা ১৯৭১ সালের স্বাধীনতার প্রশ্নে ভিন্ন অবস্থানে ছিল, সেটিও জনগণের জানা আছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং সবাই গণতান্ত্রিক ধারার রাজনীতি চায়।
সংবিধান ও “জুলাই সনদ” প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু কিছু রাজনৈতিক দল রাস্তায় আন্দোলন করছে। তাদের জনসমর্থন নেই বলেও দাবি করেন তিনি।
ফখরুল দাবি করেন, জনগণের ভোটের মাধ্যমে যে দল নির্বাচিত হবে, তাদের ইশতেহারই বাস্তবায়ন হবে। বিএনপি তাদের ঘোষিত ইশতেহার অনুযায়ী কাজ করতে চায় বলেও জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের হতাশা নয়, বরং আশাবাদ নিয়ে সামনে এগোতে হবে। বিএনপি কখনো পরাজিত হয়নি এবং ভবিষ্যতেও পরাজিত হবে না বলে মন্তব্য করেন তিনি।
আর/

