একজনকে বাঁচাতে গিয়ে নিভে গেল তিনটি প্রাণ, নরসিংদীতে হৃদয়বিদারক ঘটনা

ময়মনসিংহ থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা; হাসপাতালে নেওয়ার পর তিনজনকেই মৃত ঘোষণা

by ABDUR RAHMAN
নরসিংদীতে হৃদয়বিদারক ঘটনা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলো—সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন (তুমিন) মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মো. মুফাচ্ছের (শুক্কুর) মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের সবার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। নিহতদের মধ্যে দুইজন মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের সন্তান। অন্যদিকে, সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে।

জানা যায়, গোসলের একপর্যায়ে সুমাইয়া পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে ফাতেমা ও আশামনি পানিতে নামে। কিন্তু তারাও ডুবে যায়। দীর্ঘ সময় তিনজনের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ির এক শিশু দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তিন শিশুকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ