ফিলিস্তিনি শিক্ষার্থীদের অন-অ্যারাইভাল ভিসা চালুর অনুরোধে ইতিবাচক সাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশে পড়তে আসা ফিলিস্তিনি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ ভিসা সুবিধার আবেদন রাষ্ট্রদূতের; প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর।

by ABDUR RAHMAN
ফিলিস্তিনি শিক্ষার্থীদের অন-অ্যারাইভাল ভিসা চালুর অনুরোধে ইতিবাচক সাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশে অধ্যয়নরত এবং উচ্চশিক্ষার জন্য আসতে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করতে অন-অ্যারাইভাল ভিসা চালুর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিশেষ সহযোগিতা চান। তিনি জানান, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন। চলমান যুদ্ধ পরিস্থিতিতে আগাম ভিসা ছাড়াই যাতে তারা সহজে বাংলাদেশে আসতে পারেন, সে জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূতের এ প্রস্তাবের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেন। পাশাপাশি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব বা চিঠি পাঠানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আরও অনুরোধ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী ভিসার আবেদন করলে তা যাচাইয়ের সুবিধার্থে আবেদনপত্রের একটি অনুলিপি ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসেও পাঠানো হোক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং বাংলাদেশের নীতিগত অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ফিলিস্তিনি শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বাংলাদেশে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সে বিষয়েও সরকার সহযোগিতা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক প্রেক্ষাপট

গাজা উপত্যকায় চলমান সংঘাতের কারণে বিদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভ্রমণ ও শিক্ষা কার্যক্রম নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে কয়েকটি দেশ শিক্ষার্থীদের জন্য বিশেষ ভিসা ও সহায়তা কর্মসূচি বিবেচনা করছে। বাংলাদেশেও সেই প্রেক্ষাপটে অন-অ্যারাইভাল ভিসার বিষয়টি আলোচনায় এসেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ