ইউরোপে রেকর্ড দাবদাহে বাড়ছে প্রাণহানি, দাবানলের ঝুঁকিতে ইতালি-বলকান

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে রেড অ্যালার্ট; যুক্তরাষ্ট্রেও জারি তীব্র তাপপ্রবাহের সতর্কতা

by ABDUR RAHMAN
ইউরোপে রেকর্ড দাবদাহে বাড়ছে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

রেকর্ডভাঙা তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের ইতালি ও বলকান অঞ্চল। দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায় বিভিন্ন দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। অতিরিক্ত গরমের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়ে গেছে।

ইতালি সরকার সোমবার দেশের ২২টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে। উত্তরাঞ্চলের বোলজানো থেকে শুরু করে দক্ষিণের সিসিলি দ্বীপের পালেরমো পর্যন্ত বিস্তৃত এলাকায় মানুষকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোমে ‘সেইন্ট পিটার অ্যান্ড পল’ উৎসবে অংশ নেওয়া হাজারো মানুষ প্রচণ্ড গরম থেকে বাঁচতে ছাতা ও হাতপাখার আশ্রয় নেন।

তাপপ্রবাহের পাশাপাশি বলকান অঞ্চলে দাবানলও উদ্বেগজনক আকার ধারণ করেছে। ক্রোয়েশিয়ার ভিস দ্বীপে পাইন বনের আগুন নিয়ন্ত্রণে চারটি উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। রাজধানী জাগরেব, স্প্লিট ও দুব্রোভনিকসহ বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। সার্বিয়ায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। আলবেনিয়াতেও কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

ফ্রান্সে দাবদাহের প্রভাব সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অতিরিক্ত গরমে স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই প্রবীণ। প্যারিস ও আশপাশের এলাকার মরদেহ সংরক্ষণাগারগুলো ধারণক্ষমতার অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিন মধ্য ও পূর্ব ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ইতালীয় আবহাওয়াবিদ দানিয়েলে মোচোর মতে, অনেক এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এছাড়া ৫ বা ৬ জুলাই থেকে ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড ও ব্রিটেনের কিছু অংশে আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও দেশটির মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের ২৫০তম বার্ষিকী উদযাপনের আগে দীর্ঘস্থায়ী গরম ও রাতে তাপমাত্রা কম না থাকায় জনস্বাস্থ্যের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দাবদাহের কারণে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সাইপ্রাসে একটি উত্তপ্ত গাড়ির ভেতর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে পোল্যান্ডে একটি সাইকেল ম্যারাথনে অংশ নেওয়ার সময় দুই প্রতিযোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এমন চরম তাপপ্রবাহের ঝুঁকি দ্রুত বাড়ছে। তাদের গবেষণায় দেখা গেছে, ২০ বছর আগের তুলনায় বর্তমানে অতিরিক্ত উষ্ণ রাতের ঘটনা প্রায় ১০০ গুণ বেশি ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ