সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা দিল জামায়াত

বিরোধী সদস্যদের বক্তব্যের সময় কমানো ও কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের অভিযোগ; সরকারের আচরণের প্রতিবাদে সংসদ ত্যাগের দাবি।

by ABDUR RAHMAN
সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টনে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সদস্যদের নির্ধারিত বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি। এ ঘটনার প্রতিবাদেই ১১ দলীয় জোট সংসদ থেকে ওয়াকআউট করে।

বিজ্ঞাপন
banner

সোমবার এক ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, সংসদে বিরোধী দলের প্রতিটি সদস্যের নির্ধারিত বক্তব্যের সময় থেকে পাঁচ মিনিট করে কেটে নেওয়া হয়। ফলে তাদের পক্ষ থেকে মাত্র তিনজন সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ পান।

তার অভিযোগ, সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন। এছাড়া রাত ১০টার পরও সরকারি দলের সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়, যা আগে হওয়া সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি।

সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানায় জামায়াত। নাজিবুর রহমানের ভাষ্য, কার্যপ্রণালী বিধির ৭৭ নম্বর বিধি অনুসরণ না করেই একের পর এক বিল উপস্থাপন করা হচ্ছে। সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও আপত্তি জানানোর জন্য প্রয়োজনীয় সময় এবং কাগজপত্রও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার ঘটনাও ওয়াকআউটের অন্যতম কারণ ছিল বলে জানান নাজিবুর রহমান।

ব্রিফিংয়ে উপস্থিত জোটের এক প্রবীণ নেতা বলেন, সংসদের ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁর দাবি, অতীতেও প্রধানমন্ত্রীদের বক্তব্য নির্ধারিত সময়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে তাদের বক্তব্য রাখার সুযোগ নিশ্চিত না হলে সেখানে থাকার যৌক্তিকতা থাকে না। জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ